মুজতবা খামেনি, ছবি: সংগৃহীত।
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ তেহরানের মোসাল্লা এলাকায় জড়ো হয়েছেন। শনিবার থেকে শুরু হয়েছে তাঁর ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তাঁর ছেলে এবং বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুজতবা খামেনির অনুপস্থিতির পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে।
কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেন, ইরান আশঙ্কা করছে, এমন জনসমাগমকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাতে পারে। অতীতেও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করতে জানাজা বা শোকযাত্রাকে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে মাসগ্রেভের মতে, নিরাপত্তা উদ্বেগ থাকলেও দীর্ঘদিন জনসমক্ষে না থেকে বর্তমান নেতার দায়িত্ব পালন করা সম্ভব নয়।
তিনি বলেন, “শেষ পর্যন্ত এমন একটি উপায় বের করতে হবে, যাতে বোঝা যায় মুজতবা খামেনি আড়ালে থাকা কোনো নেতা নন; বরং তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।”
এদিকে খামেনির মৃত্যুতে শোক জানাতে তেহরানে হাজারো মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজধানীজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।