বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৫:০৮ পিএম

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ধীরে ধীরে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক ফল মিলছে এবং তা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শনিবার সকালে চট্টগ্রাম সফরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফান্ড ম্যানেজারদের আগ্রহ বাড়ছে। এবারের বাজেট দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।

চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রবন্দর, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ সুবিধার কারণে এ অঞ্চলের সম্ভাবনা অনেক বেশি। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, আনোয়ারায় ৬০০ একর জমিতে একটি ফ্রি জোন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একাধিক বন্দর নির্মাণ, বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের হাবে উন্নীত করা এবং একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশ উন্নয়নের মাধ্যমে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন প্রকল্পও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এসব দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর সময় লাগলেও সরকার দ্রুত কাজ শুরু করতে চায়। তাঁর ভাষায়, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবও যুক্ত হয়েছে। তবে অর্থনীতিকে স্থিতিশীল করে সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগানো হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনীতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে আরও দ্রুত এগিয়ে যাবে।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Link copied!