রাজধানীর আদাবরে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০১:১৯ পিএম

রাজধানীর আদাবরে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নবোদয় হাউজিং বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত আবুল বাসার ওই এলাকার বিএনপির একটি ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ২৯ জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ মীমাংসার জন্যই সালিসি বৈঠকের আয়োজন করা হয়।

অভিযোগ অনুযায়ী, সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও আবুল বাসার গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবুল বাসারকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত আবুল বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল উপজেলায়। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

Link copied!