জুলাই ১, ২০২৬, ০৩:৪০ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ছবি: সংগৃহীত।
চিকিৎসকদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আইসিইউ সুবিধা বাড়াবে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেওয়া এবং সার্বক্ষণিক তদারকির দায়িত্ব চিকিৎসকদেরই পালন করতে হবে।
তিনি বলেন, চিকিৎসকেরা যদি দায়িত্বশীল না হন, জবাবদিহি নিশ্চিত না করেন এবং পেশাগত নৈতিকতা অনুসরণ না করেন, তাহলে জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না।
সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে স্বাস্থ্যখাত দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জনগণের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।