টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:১০ পিএম

টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের টেক্সটাইল খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক খাত। এ খাতের ভবিষ্যৎ শক্তিশালী করতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবক তৈরির বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাকে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা গর্বের বিষয় হলেও দেশের নিজস্ব বিশ্বমানের ব্র্যান্ড তৈরির দিকেও গুরুত্ব দিতে হবে।

বুটেক্স শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের টেক্সটাইল খাতের নেতৃত্ব দেবে। চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

মন্ত্রী জানান, টেক্সটাইল প্রকৌশল বিজ্ঞানভিত্তিক একটি ক্ষেত্র। তাই আধুনিক গবেষণাগার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত ল্যাব স্থাপন এখন সময়ের দাবি। উন্নত গবেষণা নিশ্চিত করতে বুটেক্সে বাজেট বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, বুটেক্সের অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন হলে সরকার নতুন ভবন নির্মাণ করবে। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দের বিষয়টিও সরকার বিবেচনা করবে।

টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন হলেও তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!