শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশে এবার অভিন্ন প্রশ্নে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া এখন থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে নামমাত্র, কোনো কোচিং-নির্ভর বা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা রাখা হবে না।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনাল আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সুনাগরিক গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সার্টিফিকেটনির্ভর নয়, বরং বাস্তবজীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি চালু করা হচ্ছে।
এর অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।