৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:২৫ পিএম

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটি খুলে দেবে।

বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইকে ঘিরে সারা দেশে ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করবে এনসিপি। তবে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, জুলাইয়ে আহত ও নিহতদের অনেকেই এখনো ন্যায়বিচার পাননি। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে উল্লেখ করে তিনি বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের কবরস্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই পালন করলেই দায়িত্ব শেষ হবে না।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং সরকার ও ট্রাইব্যুনাল দ্রুত বিচার কার্যক্রম শেষ করবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাইয়ের আহত যোদ্ধাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং জুলাই জাতীয় জাদুঘর দ্রুত চালুর মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জুলাইয়ের চেতনার পক্ষে রয়েছে।

Link copied!