অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৬:৪৬ পিএম

অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

ছবি: বিটিভি থেকে নেয়া

জাতীয় সংসদে দেশের বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছরের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-জুন অর্থবছর হওয়ায় বছরের শেষ দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে উন্নয়নকাজ সম্পন্ন করতে হয়। এর ফলে প্রথম ১০ মাসে যেখানে মাত্র ৪২ শতাংশ কাজ হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ শেষ করতে গিয়ে অপচয় ও লুটপাটের সুযোগ সৃষ্টি হয়।

তিনি বলেন, এ সংকট নিরসনে বাংলাদেশের অর্থবছরকে জুলাই-জুনের পরিবর্তে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে নির্ধারণ করা প্রয়োজন। তার মতে, এ পরিবর্তনের মাধ্যমে দেশের ক্ষতি কমবে এবং উন্নয়নকাজের গতি বাড়বে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাজেট সংসদে পাস হলেও এর বাস্তবায়নের মূল দায়িত্ব থাকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর। তাই জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তাদের জবাবদিহিতা ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত চলে। ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।

Link copied!