জুন ২১, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য বাকযুদ্ধে জড়িয়েছেন সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং বিএনপি নেতা রাশেদ খাঁন। একে অপরকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হানজালা রাশেদ খাঁনকে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য করেন। তিনি লেখেন, তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার কথা বলা হলেও তিনি সেখানে বাঘের পাশে থাকতে রাজি। পাশাপাশি রাশেদ খাঁনকে নিয়েও বিদ্রূপাত্মক মন্তব্য করেন তিনি।
পোস্টে হানজালা লেখেন, ‘রাশেদ খান আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে– বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না! আর রাশেদ খানকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ– গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।’
এর আগে শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এমপি হানজালার আচরণের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতার সঙ্গে হানজালার আচরণ ছিল অশোভন এবং তা জনসম্মুখে নেতিবাচক বার্তা দিয়েছে।
তিনি লেখেন, ‘এমপি হানজালাকে চিরিয়াখানায় রাখা হোক, যাতে চিরিয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো?’
রাশেদ খাঁন তার পোস্টে আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে হানজালার বিভিন্ন বক্তব্য ও আচরণে রাজনৈতিক ঔদ্ধত্যের প্রকাশ ঘটেছে। একই সঙ্গে তিনি ভাইরাল হওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে সমালোচনা করেন।
মূলত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে একটি সালিস বৈঠকে উপস্থিত লোকজনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলতে দেখা যায় সংসদ সদস্য হানজালাকে।
ভিডিওতে তিনি কয়েকজনকে চুপ থাকতে নির্দেশ দেন এবং একপর্যায়ে টেবিলে আঘাত করতেও দেখা যায়। ঘটনাটি মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্থানীয় সালিস বৈঠকে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, সালিস চলাকালে পক্ষ-বিপক্ষের বক্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। এ সময় উপস্থিত একজন বিএনপি কর্মীর সঙ্গে বাকবিতণ্ডাও হয়।
ঘটনার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপরই রাশেদ খাঁনের সমালোচনামূলক পোস্ট এবং তার জবাবে হানজালার পাল্টা মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়।