জনপ্রিয় গায়ক শেখ সাদী জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। পারিবারিক আয়োজনে সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এই তরুণ গায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর প্রকাশ করে শেখ সাদী জানান, পুরো বিষয়টি ছিল অনেকটাই আকস্মিক। পরিবারের উদ্যোগেই আংটিবদলের আয়োজন করা হয়। তবে বিয়ের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারণ হয়নি।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাবা-মা সম্প্রতি দেশে এলে তাঁর বিয়ে নিয়ে পারিবারিক আলোচনা শুরু হয়। পরিবারের পছন্দ করা একজনকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়ার পরই বাগদানের আয়োজন সম্পন্ন হয়।
জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।
সংগীতজগতে অল্প সময়েই পরিচিত মুখ হয়ে ওঠেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তাঁর গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘ললনা’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তাঁর একাধিক গান কোটি ভিউয়ের মাইলফলকও স্পর্শ করেছে।
গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাঁকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এছাড়া একটি চলচ্চিত্রেও কাজ শুরু করেছিলেন, তবে শুটিংয়ের প্রথম দিনেই সরে দাঁড়ান এই শিল্পী।