রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৬, ০২:৫২ পিএম

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রোববার ভোরে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন মোহাম্মদ আইয়ুব (৪৫)। তিনি মামলার এজাহারভুক্ত আসামি এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, হত্যার ঘটনার পর আইয়ুব আত্মগোপনে চলে যান এবং রাঙামাটির একটি দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের দাবি, আইয়ুব চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম গ্রুপের সদস্য।

গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদকে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ পর্যন্ত আলোচিত এই হত্যা মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Link copied!