ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ১৭ জুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৬:০৩ পিএম

ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ১৭ জুন

ফাইল ছবি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৭ জুন পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আদালতে তা উপস্থাপন করা সম্ভব হয়নি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় সশস্ত্র হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলায় হত্যা ধারা যুক্ত করার নির্দেশ দেন আদালত।

এদিকে চলতি বছরের ৬ জানুয়ারি মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দেয়।

বর্তমানে ডিবির অভিযোগপত্রভুক্ত ১৭ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন, আর বাকি ৬ জন পলাতক বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

Link copied!