জুলাই ২৫, ২০২৬, ১০:২০ পিএম
হাফিজ উদ্দিন আহমদ, ছবি : সংগৃহীত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ বিষয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করায় এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আদেশটি কার্যকর হয়েছে।
এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার হাফিজ উদ্দিন আহমদের প্রথম সরকারি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সকাল সাড়ে ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন।