জুলাই ২৫, ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
পরীক্ষায় অনিয়ম ও নিট (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তিনি এই সিদ্ধান্ত নেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান জানান, মন্ত্রিত্ব তার কাছে কখনোই ব্যক্তিগত মর্যাদার বিষয় ছিল না। তিনি লেখেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান সরকারের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।
দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না দেওয়া এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।
এর আগে দুই দফা আলোচনা হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তবে শুক্রবার কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের বাকি দুটি দাবিতে ইতিবাচক আশ্বাস দেয়। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের সব দাবিই কার্যত মেনে নেয় সরকার।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই যন্তর মন্তরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক।’
সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আন্দোলনস্থল থেকে বলেন, ‘অনেকে বলতেন, এই সরকারের আমলে কেউ পদত্যাগ করে না। আমরা সেটাও করিয়ে দেখিয়েছি।’
নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন গত কয়েক সপ্তাহে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জাতীয় রাজনৈতিক ইস্যুতে রূপ নেয় এবং বিরোধী দলগুলোও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়।