জুন ২১, ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যেই নাবাতিয়েহ শহরে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একটি শাখায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে লেবানন।
শনিবার এক বিবৃতিতে লেবাননের কেন্দ্রীয় ব্যাংক জানায়, নাবাতিয়েহে তাদের একটি শাখা ভবন সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ব্যাংকটির দাবি, এটি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক আঘাত।
ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, হামলার সময় ভবনটিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ভবনটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের এই শাখা লেবাননের রাষ্ট্রীয় অবকাঠামোর অংশ। এমন একটি সরকারি স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
এ ঘটনার পর বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ব্যাংকটি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কার্যকর ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ২০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, নাবাতিয়েহ অঞ্চলে এসব হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে সংঘাত অব্যাহত থাকায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।