এনবিআর দুই ভাগ হবেই, বাধা দিলে প্রশাসনে থাকা যাবে না: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৩:০২ পিএম

এনবিআর দুই ভাগ হবেই, বাধা দিলে প্রশাসনে থাকা যাবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ফাইল ছবি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে কঠোর বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে পৃথক করতে এনবিআরকে দুই ভাগ করা হবে এবং এ প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে প্রশাসনে তার জায়গা হবে না।

রোববার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত বাজেট-পরবর্তী সংলাপে অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজস্ব ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। বাজেটে যেসব সীমাবদ্ধতা বা সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায়। বেসরকারি খাতের অর্থায়নে চাপ না বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধি এবং বাজারভিত্তিক বিকল্প অর্থায়নের উৎস সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা ও জ্বালানি খাতের সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল পথে আনতে সরকারকে অন্তত দুই বছর সময় দিতে হবে।

আমির খসরু আরও বলেন, অতিরিক্ত নিয়মকানুন ও জটিল প্রক্রিয়া ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সরকার ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ শিথিল করে ব্যবসা পরিচালনা সহজ করার উদ্যোগ নিচ্ছে।

Link copied!