মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর যে দুর্বলতার কথা স্বীকার করলেন আনচেলত্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২৬, ১২:০৬ পিএম

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর যে দুর্বলতার কথা স্বীকার করলেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি | ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের অভিযান জয় দিয়ে শুরু করতে পারেনি ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। পরে ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে দলটি। তবে প্রথমার্ধজুড়ে ব্রাজিলকে বেশ অগোছালো ও চাপে খেলতে দেখা যায়।

ম্যাচ শেষে আনচেলত্তি স্বীকার করেন, দলের শুরুটা মোটেও ভালো হয়নি। তার ভাষায়, দল কিছুটা নার্ভাস ছিল এবং অনেক বল হারিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ডুয়েলগুলোতেও পিছিয়ে ছিল ব্রাজিল। তিনি বলেন, প্রথমার্ধে তার দল ভালো খেলতে পারেনি, যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি দেখা গেছে।

তবে ফলাফল নিয়ে পুরোপুরি হতাশ নন অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। মরক্কোকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, ‍‍`বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়। এখানে কেউই টুর্নামেন্ট জেতে না। ফল খুব খারাপ নয়, তবে উন্নতি দরকার।‍‍`

পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন আনচেলত্তি। তার মতে, দলের ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে এবং খেলায় ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।

এদিকে ভিনিসিউস জুনিয়রের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিল কোচ। তার মতে, ম্যাচে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ছিলেন ভিনিসিউস এবং বড় টুর্নামেন্টে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

Link copied!