রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৪:২৫ পিএম

রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসনে ঢাকার চারটি আন্তঃনগর বাস টার্মিনাল অতিদ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্থানান্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে স্থানান্তর করা হবে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে নেওয়া হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল স্থানান্তরিত হবে হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে।

হাসান শিপলু আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত অপসারণ করে নির্দিষ্ট স্থানে স্থানান্তরের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থায় এআই ক্যামেরা স্থাপনের ফলে যে সুফল পাওয়া যাচ্ছে, সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!