ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে স্ত্রী আফরা ইভনাথ ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা যাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভুঁইয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীনের আদালতে তার পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম এ জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, এ আবেদনের বিষয়ে আজই শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’।
যাহের আলভীর পক্ষে দাখিল করা আবেদনে বলা হয়, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার স্ত্রী আত্মহত্যা করে মারা গেছেন বলে দাবি করা হয়। আবেদনে আরও উল্লেখ করা হয়, তাদের একটি শিশু সন্তান রয়েছে এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তাই তাকে বিনা শর্তে বা শর্তসাপেক্ষে জামিন দেওয়া হোক।
এর আগে গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা। ঘটনার সময় বিদেশে থাকা যাহের আলভী পরে উচ্চ আদালতে আবেদন করেন, যাতে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরে ৫ জুন তিনি দেশে ফেরেন।