ছবি: সংগৃহীত
গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মাসের বেশি সময় ধরে আটক থাকার পর আইভরি কোস্টে মুক্তি পেয়েছেন মালির পরিচিত সাইবার অ্যাক্টিভিস্ট আব্দুল আজিজ মাইগা। তার পরিবার ও আইনজীবীরা শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আজিজ মাইগা মিথ্যা বলে না’ নামে পরিচিত এই অনলাইন কর্মীকে গত ৩ মে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে বিচারিক হেফাজতে রাখা হয়।
আইভরি কোস্টের কর্তৃপক্ষের অভিযোগ ছিল, তিনি বিদেশি স্বার্থে তথ্য সংগ্রহের মাধ্যমে দেশটির জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষতি করার চেষ্টা করেছেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন মাইগা।
মুক্তির পর তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হলেও কেন তাকে মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মাইগা নিজেকে সাংবাদিক, ব্লগার ও বিশ্লেষক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অ্যাকাউন্টে দেড় লক্ষাধিক অনুসারী রয়েছে। সেখানে তিনি নিয়মিত মালির নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সংঘাত নিয়ে মন্তব্য ও বিশ্লেষণ প্রকাশ করেন।
তার গ্রেফতারের পর আইভরি কোস্টের অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অতীতের বিভিন্ন পোস্ট সামনে আনেন, যেখানে দেশটি সম্পর্কে তার সমালোচনামূলক মন্তব্য দেখা যায়।
অন্যদিকে তার ফরাসি আইনজীবী ভিনসেন্ট ব্রেনগারথ দাবি করেছেন, মাইগার আটক হওয়ার ঘটনায় তার সাংবাদিকতা বা মত প্রকাশের কার্যক্রমের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে মালি ও আইভরি কোস্টের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২০ ও ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মালিতে বর্তমান নেতৃত্ব ক্ষমতায় আসার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বেশ কয়েকবার উত্তেজনা দেখা গেছে।
এ অবস্থায় মাইগার মুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো ইতিবাচক বার্তা বহন করে কি না, তা এখন পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।