এমবাপ্পের জোড়া গোলে সেনেগাল বধ, ইতিহাস গড়লেন ফরাসি তারকা

স্পোর্টস ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০৪:০০ এএম

এমবাপ্পের জোড়া গোলে সেনেগাল বধ, ইতিহাস গড়লেন ফরাসি তারকা

ছবি: এপি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে ফিফা বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। মঙ্গলবার গ্রুপ ‘আই’-এর ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান রানার্সআপরা।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। ৬৬তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর বদলি হিসেবে নেমে ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ইব্রাহিম এমবায়ের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় সেনেগাল। তবে এক মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এই জোড়া গোলে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। এর মাধ্যমে তিনি ব্রাজিল কিংবদন্তি পেলে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং ফরাসি কিংবদন্তি জুস্ত ফঁতেনকে ছাড়িয়ে গেছেন। পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি গের্ড মুলারের সমানেও পৌঁছে গেছেন তিনি। তার সামনে এখন আছেন শুধু ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫) এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসে (১৬)।

এছাড়া ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ৫৮ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন এমবাপ্পে। তিনি ছাড়িয়ে গেছেন অলিভিয়ে জিরুকে, যার গোলসংখ্যা ৫৭।

পরের ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স, অন্যদিকে সেনেগালের প্রতিপক্ষ নরওয়ে।

Link copied!