তিস্তা-সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, বন্যার শঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৬, ০২:৪৪ পিএম

তিস্তা-সুরমা-কুশিয়ারার পানি বাড়ছে, বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে তিস্তা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গত ২৪ ঘণ্টায় দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি ধারাবাহিকভাবে বাড়তে থাকায় ব্যারাজের জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানি বৃদ্ধির ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকার বিভিন্ন স্থানে নদীর পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে কৃষিজমি ও নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তার পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানিও বাড়ছে। একই সময়ে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এবং ভারতের উজান অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি বৃদ্ধির কারণে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Link copied!