উপহার পাওয়া বিমানটিকে ‘উড়ন্ত হোয়াইট হাউস’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২৬, ০২:৪৪ পিএম

কাতারের দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন প্রেসিডেন্সিয়াল বিমান উন্মোচন করেছেন। শত শত মিলিয়ন ডলার মূল্যের এই বিলাসবহুল উড়োজাহাজকে তিনি ‘উড়ন্ত হোয়াইট হাউস’ হিসেবে আখ্যা দেন এবং এর আধুনিক সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন।

শুক্রবার ওয়াশিংটনের কাছাকাছি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে আয়োজিত এক অনুষ্ঠানে বিমানটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। এ সময় ট্রাম্প বলেন, এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমানগুলোর একটি এবং কাতার অত্যন্ত উদারতার সঙ্গে এটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছে।

তবে বিমানটি গ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের একাংশের মতে, বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এত মূল্যবান উপহার গ্রহণ নৈতিকতা, সাংবিধানিক বৈধতা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

সমালোচনার জবাবে ট্রাম্প আগেই বলেছিলেন, এমন একটি মূল্যবান উপহার প্রত্যাখ্যান করা যুক্তিসঙ্গত হতো না। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে।

উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প বিমানটির অভ্যন্তরীণ নকশা, নির্মাণমান এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রশংসা করেন। তার ভাষায়, ব্যবহৃত উপকরণ, কাঠামো ও ইঞ্জিনের মান অত্যন্ত উন্নত এবং এটি আগের যেকোনো প্রেসিডেন্সিয়াল বিমানের তুলনায় দ্রুতগতিসম্পন্ন ও দীর্ঘপাল্লার।

তিনি কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিমানটিকে নতুনভাবে প্রস্তুত করতে যারা কাজ করেছেন, তাদের প্রচেষ্টায় এটি অনন্য এক উড়ন্ত কার্যালয়ে পরিণত হয়েছে।
ট্রাম্প আরও জানান, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিমানটি বিশেষ ফ্লাইওভারে অংশ নিতে পারে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের বহরে থাকা বর্তমান বিমানগুলো ১৯৯০-এর দশক থেকে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন ধরেই সেগুলোর পরিবর্তে নতুন ও আধুনিক বিমান যুক্ত করার পক্ষে অবস্থান নিয়ে আসছিলেন ট্রাম্প।

Link copied!