ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার উত্তর–দক্ষিণ মহাসড়কে তিনটি লরির ভয়াবহ সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন।
আজ (বুধবার) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, দুর্ঘটনার সময় নিহত দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় একই দিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ধাক্কা দেওয়া লরিটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তৃতীয় লরিটির চালক অক্ষত রয়েছেন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করেছে।