সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছুটা সহায়তা দিতে পারে, কিন্তু হারানো জীবন বা স্থায়ী ক্ষতির বিকল্প হতে পারে না।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল আসবে না।

তিনি রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, ফুটপাত ও মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান না বসানো এবং যানবাহন চালকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং সিটবেল্ট পরার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ জনের মধ্যে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, বিআরটিএর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!