ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে, ফলে ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। এতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয়ভাবে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে বৃহস্পতিবার সোনার দামের সঙ্গে ভ্যাট সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একদিনের ব্যবধানে নতুন সমন্বয়ে সেই দাম উল্লেখযোগ্যভাবে কমে এলো।
বাজুস বলছে, বাজার পরিস্থিতি ও কাঁচা সোনার দামের পরিবর্তনের ভিত্তিতেই নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে।