কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০১:১৭ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন কিংবা মিছিলের মতো কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। এসব কর্মকাণ্ডকে ঘিরে অন্য রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বার্তায় আরও বলা হয়েছে, কোনো ধরনের কর্মসূচি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাহিনীর সক্ষমতা ও মনোবল পুনর্গঠনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!