শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২৬, ০১:৫০ পিএম

শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। পরে আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকে সড়কপথে বাসে করে শ্রীমঙ্গলে পৌঁছান তিনি বেলা ১টার পর।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন সরকারপ্রধান। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সেখান থেকে বিকালে তিনি দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা দেবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর বিএনপি নেতাদের সঙ্গে একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটের প্রচারে তিনি মৌলভীবাজারেও এসেছিলেন।

নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম মৌলভীবাজার সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Link copied!