জুন ১৭, ২০২৬, ০৮:০৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ (বুধবার) বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে বিষয়টি বাংলাদেশ পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। তিনি জানান, দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে সীমান্তে আত্মরক্ষার অজুহাতে ‘মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি হয়নি। তবে প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।
ভারত সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকের প্রেক্ষিতে অর্জিত অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, বাংলাদেশের ক্রমাগত কূটনৈতিক ও কৌশলগত চাপের ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে ‘নন-লেথাল উইপনস’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করছে এবং এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।