জুন ১৮, ২০২৬, ০২:২৯ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে প্রায় ১৫ ফুট গভীর করে মাটি কেটে সরানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটি সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। তবে পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোনো সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটি সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সরানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।
তিনি আরও বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে সবার সচেতন থাকা বড় বিষয়।
সেতুমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে সরকার তৎপর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।