আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৫:২৮ পিএম

আজ কানাডায় বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবারের বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী মঞ্চে থাকছে বাংলাদেশের জন্য বিশেষ এক মুহূর্ত। কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

ফিফার অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে, টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠানে কানাডিয়ান পপ তারকা মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন সঞ্জয়।

বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। আর আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়ার বিপক্ষে মাঠে নামবে কানাডা। ম্যাচের আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৯০ মিনিটের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

আয়োজকদের মতে, এই অনুষ্ঠান কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় ও বৈচিত্র্যকে বিশ্বদরবারে তুলে ধরবে। এমন একটি বৈশ্বিক মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সঞ্জয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুভূতি জানিয়ে তিনি লেখেন,

এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি, ভালো লাগছে।

সঞ্জয়ের পাশাপাশি দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা এবং এলিয়ানা। ফলে সংগীত ও বিনোদনের এই আয়োজন ঘিরে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বিশ্বকাপের উদ্বোধনী উৎসব এখানেই শেষ হচ্ছে না। টরন্টোর অনুষ্ঠান শেষে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। ৯০ মিনিটের সেই আয়োজনে স্থানীয় সংস্কৃতির পাশাপাশি উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত শিল্পীরাও।

প্রসঙ্গত, মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—এই তিন শহরের উদ্বোধনী অনুষ্ঠানের ধরন ও উপস্থাপনা ভিন্ন হলেও এবারের বিশ্বকাপের মূল বার্তা এক। সংস্কৃতি, সংগীত ও ফুটবলের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভেদ ভুলে বিশ্বমানবতাকে এক সুতোয় গাঁথার বার্তাই তুলে ধরা হচ্ছে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনগুলোতে।

Link copied!