জুলাই ২৭, ২০২৬, ০১:৫০ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কে মনোনয়ন পাবেন, সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (সোমবার) সকালে রংপুর নগরীর টার্মিনাল রোড়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।’
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখানে আমাদের কিছু করার নেই। সম্পূর্ণ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। আমাদের মন্ত্রণালয় থেকে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’
জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের আমির সিলেটে কী বক্তব্য দিয়েছেন এটি তার ব্যাপার। আমরা খুব পরিষ্কার করে বলি–আমরা একটি উদারপন্থি রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয় বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপি যারা ফ্যাসিবাদ বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতের আমির সাহেব উনি উনার গণতন্ত্রটা ভালোভাবে পড়বেন, তাহলে কী ব্যবস্থা হবে, দেখা যাবে উনার গণতান্ত্রিক রাজনৈতিক দল কিনা সেটি উনারাই বিবেচনা করবেন।
কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, এ বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে মির্জা ফখরুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলা-২০২৬-এর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। একই অনুষ্ঠানে তিনি বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।