শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ১২:১০ পিএম

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ অভিযোগ দাখিল করা হয়।

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে, নিয়মানুযায়ী মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতার থাকা আসামিদের আদালতে হাজির করার জন্য পরবর্তী দিন ধার্য করা হবে।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বিজিবির তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিককেও এ মামলার আসামি করা হয়েছে।

এদিকে, এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ মোট ৯ জন বর্তমানে গ্রেফতার রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তবে তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

Link copied!