জুন ১৮, ২০২৬, ০২:০০ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর কিছুটা পরিবর্তন আনা হবে। পাশাপাশি দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তর করা হবে। এভাবে পর্যায়ক্রমে সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে, যদিও এতে সময় লাগবে।
আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সোহাগ, গ্রীন লাইনের মতো মানসম্মত এসি বাসগুলো বিদ্যমান বাসস্ট্যান্ড থেকে ছাড়ার মতো পরিবেশ নেই। এসব বাসের নিজস্ব অফিস বা যাত্রী ওঠানামার স্থানে ভালো টয়লেটসহ উন্নত সুবিধা রয়েছে। তবে অন্যান্য বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ সন্তোষজনক নয়।
তিনি আরও বলেন, বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও তা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে। বেসরকারি উন্নত মানের বাসগুলো কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে যেভাবে যাত্রী ওঠানামা করছে, ভবিষ্যতে তা আর করতে পারবে না।