খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৫:০৭ পিএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকায় রফিকুল ইসলাম গাজী নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় রফিকুল ইসলাম দশগেট এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!