এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০৩:৩৪ পিএম

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত সর্বশেষ বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা অর্থ আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এ তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমানে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। এটি দেশটির ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশিদের আমানতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান।

তথ্য অনুযায়ী, এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতের আমানত। সুইস ব্যাংকে থাকা বাংলাদেশি অর্থের প্রায় ৯৯ শতাংশই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা রাখা অর্থ।

তবে ব্যক্তিগত হিসাবের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। ২০২৪ সালে বাংলাদেশি ব্যক্তি গ্রাহকদের হিসাবে জমা অর্থ ছিল ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানতের পরিমাণে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। প্রবৃদ্ধির হারে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। একই সময়ে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপের আমানতেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন, বৈদেশিক বাণিজ্য এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের প্রভাবেই বাংলাদেশি আমানতের এই বৃদ্ধি ঘটেছে।

Link copied!