জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০২:৫৮ পিএম

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান | ছবি: সংগৃহীত

দিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ (সোমবার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” বলেও উল্লেখ করেন।

জানা গেছে, ডা. জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অংশ নেওয়ার কথা ছিল।

এর আগে গত শুক্রবার (১২ জুন) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার অংশগ্রহণের বিষয়টি জানায়। তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না—সে বিষয়ে কোনো স্পষ্টতা দেয়নি।

এ পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে বিবেচনা করে ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের জন্য একাধিকবার অনুরোধ জানালেও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন।

তার সফরের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে আগেই অবহিত করা হয়েছিল। আগাম জানানো সত্ত্বেও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে তিনি সোমবার দুপুরে দেশে ফিরে আসেন।

Link copied!