ফাইল ছবি।
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় পরিসরের অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একদিনের এ অভিযানে মোট ১৪৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাজধানীর বিভিন্ন সড়কে পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৬৮টি, লালবাগে ১৪৬টি, মতিঝিলে ২৯৭টি, ওয়ারীতে ১৭৪টি, তেজগাঁওয়ে ১১৪টি, মিরপুরে ৩৪৮টি, উত্তরায় ৮০টি এবং গুলশানে ২২১টি মামলা করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনের বিরুদ্ধে মামলা বেশি হয়েছে বলে জানা গেছে।
অভিযান চলাকালে মোট ৪২৫টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ২৩৭টি গাড়ি রেকার করে সরিয়ে নেওয়া হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।