বিয়ে বিতর্ক: মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১০, ২০২৬, ১২:৫০ পিএম

বিয়ে বিতর্ক: মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

ছবি: সংগৃহীত

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

আজ (বুধবার) দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির-তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ৬ মে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। ওইদিন শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রার্থনা করে, তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয় এবং তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এরপর রাকিব দাবি করেন, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ।

মামলায় দণ্ডবিধির ৪৯৭, ৫০০ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়—যার মধ্যে রয়েছে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করা, ব্যভিচার ও মানহানির অভিযোগ।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে তিনজনকে দোষী উল্লেখ করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। তবে অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে রিভিশন আবেদন খারিজের পর মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়। ২০২৩ সালের মার্চে বাদী রাকিবের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শুরু হয় এবং দীর্ঘ শুনানিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত।

পরে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যে তামিমা দাবি করেন, তিনি আইনগতভাবে আগের স্বামীকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

Link copied!