ছবি: সংগৃহীত
‘হাওয়া’র ব্লকবাস্টার সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ মুক্তি দিয়েছেন। ঈদে মুক্তি পাওয়া ছবিটি এবার দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি দিতে যাচ্ছে বায়োস্কপ ফিল্মস।
বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশনায় পথিকৃত ‘বায়োস্কপ ফিল্মস’-এর এটি ৫৫তম পরিবেশনা। এ প্রসঙ্গে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা গত কয়েকবছর ধরে একটু একটু করে প্রবাসে এই দর্শকদের তৈরি করতে পেরেছি। আমাদের ৫৫ তম চলচ্চিত্র হিসেবে রইদ মুভিটা অস্কার কোয়ালিফাইং রাউন্ডে আমরা দেবার জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার চেষ্টা করছি। আর নির্মাতা মেজবাউর রহমান সুমন সম্পর্কে কী আর বলবো। সে তো মাস্টার মেকার। অসাধারণ কাব্যিক তার নির্মান। তার মুভি দেখার অপেক্ষায় অনেকেই এরই ভেতরে বিভিন্ন শহর থেকে খোঁজ নিচ্ছেন।’
যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘রইদ’-এর মুক্তি প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমি তো কাউকে ছবি দেখতে আসতে বলতে পারিনা। তবে যারা দেখেন, নিজেদের অনুভুতি জানান তাদের প্রতি কৃতজ্ঞতা। রইদ খুবই সাধারণ একটি সিনেমা। এটি প্রেমের ছবি। বাকিটা আপনারা দেখেই এর মূল্যায়ন করবেন।’
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ইউএস-কানাডা রিলিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ছবিটা করার জন্য দীর্ঘসময় ধরে আমি কিছু করিনি। সেটা স্ক্রীনেই মানুষ দেখতে পেয়েছে। আশা করি আমেরিকা-কানাডার দর্শকেরাও মুগ্ধ হবেন।’
জুন মাসের শেষ সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে ছবিটি মুক্তি দেওয়া হবে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ছবিটি প্রযোজনা করেছে বঙ্গ বিডি ও ফেসকার্ড। ডিজিটাল কনসালটেন্ট হিসেবে রয়েছে কোলাহল কমিউনিকেশন।