জুন ৯, ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ থেকে এক মাসে হাজার হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি ঘিরে সীমান্ত পরিস্থিতি ও অভিবাসন ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।
রোববার দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, গত এক মাসে প্রায় ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৮৩৬ জনকে শিগগিরই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও দাবি করেন তিনি।
শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি বর্তমানে রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন এবং তাদের পরিচয় ও নথি যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন রোধ এবং ভারত–বাংলাদেশ সীমান্ত নিরাপদ রাখাকে রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি সীমান্ত অবকাঠামো নিয়েও কথা বলেন। শুভেন্দু জানান, সীমান্তে বেড়া নির্মাণের জন্য ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ করিডোরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে এই দাবিগুলোর বিষয়ে বাংলাদেশ বা ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।