জুন ৯, ২০২৬, ০৪:৩৪ পিএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এ আলোচনা চলছে।
মঙ্গলবার (৯ জুন) থেকে শুরু হওয়া এই বৈঠককে দুই দেশের সীমান্ত পরিস্থিতি ও দ্বিপক্ষীয় নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে সোমবার বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দিল্লিতে পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, বৈঠকে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান নিয়ন্ত্রণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সীমান্তে কাঁটাতার নির্মাণ ও বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর সংক্রান্ত বিষয়ও আলোচনায় থাকতে পারে।
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এর আগে গত বছরের আগস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্বশেষ এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এবারের আলোচনায় সীমান্ত ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।