রোনাল্ড কোম্যান, ছবি: সংগৃহীত।
বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের ধাক্কা সামলাতে না পেরে নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছেড়ে দিয়েছেন রোনাল্ড কোম্যান। মরক্কোর বিপক্ষে নাটকীয় পরাজয়ের একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ।
সোমবার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে ইসা ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মরক্কো। নেদারল্যান্ডসের হয়ে জাস্টিন ক্লুইভার্ট, কুইন্টেন টিম্বার ও ক্রিসেনসিও সামারভিল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন।
বিদায়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় কোম্যান বলেন, “আমি নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই বিশ্বকাপে ইতিহাস গড়তে চেয়েছিলাম, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। এর চেয়ে বেশি হতাশ আর কেউ নয়। প্রধান কোচ হিসেবে এই ব্যর্থতার দায় আমারই।”
ব্যক্তিগত জীবনের কথাও তুলে ধরেন কোম্যান। তিনি জানান, তার স্ত্রী বার্টিনা স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এই অভিজ্ঞতা তাকে জীবনের অগ্রাধিকার নতুন করে ভাবতে শিখিয়েছে।
কোম্যান বলেন, “গত কয়েক বছর আমাকে বুঝিয়েছে, ফুটবলের চেয়েও জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি যখন কঠিন সময় পার করেন, তখন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়।”
বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কোচ কোম্যান এর আগে ইংলিশ ক্লাব সাউদাম্পটন ও এভারটনের দায়িত্বও পালন করেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হিসেবে এটি ছিল তার দ্বিতীয় মেয়াদ।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডাচ খেলোয়াড়দের উদ্দেশে ছড়িয়ে পড়া বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “ফুটবল মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে। কিন্তু দলের বিদায়ের পর কয়েকজন খেলোয়াড়কে বর্ণবাদী ও বৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়েছে। ফুটবল, অনলাইন কিংবা সমাজের কোথাও এ ধরনের আচরণের কোনো স্থান নেই।”