বিশ্বকাপে ভরাডুবির পর চাপের মুখে জার্মান কোচ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৩:০২ পিএম

বিশ্বকাপে ভরাডুবির পর চাপের মুখে জার্মান কোচ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২ থেকে জার্মানির অপ্রত্যাশিত বিদায়ের পর প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, এমন ব্যর্থতার পর সবকিছু আগের মতো চলতে পারে না। তাই দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।

সোমবার অপেক্ষাকৃত কম র‌্যাঙ্কিংয়ের দল প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলেছিল জার্মানি। তবে সেই প্রত্যাবর্তন রাঙাতে পারেনি তারা।

গত এক দশকে বড় টুর্নামেন্টে জার্মানির ধারাবাহিক ব্যর্থতা আরও দীর্ঘ হয়েছে। সর্বশেষ তিনটি বিশ্বকাপেই আগেভাগে বিদায় নিয়েছে দলটি। এছাড়া টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপেও কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি তারা।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে বিবৃতি প্রকাশ করে ডিএফবি। সেখানে সমর্থকদের কাছে হতাশাজনক পারফরম্যান্সের জন্য দুঃখ প্রকাশ করা হয়।

ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ জানান, তিনি ইতোমধ্যে নাগেলসম্যান ও ক্রীড়া পরিচালক রুডি ফয়লারের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, “আমরা সবাই একমত যে বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স নিজেদের মানদণ্ডের অনেক নিচে ছিল। আগামী কয়েক দিনে আমরা শান্তভাবে বিশ্লেষণ করব কেন দলটি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে পারেনি। এমন ব্যর্থতার পর সবকিছু আগের মতো চলতে পারে না।”

২০২৩ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়া নাগেলসম্যানের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এই পরাজয়ের পর তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস মনে করেন, নাগেলসম্যানকে দায়িত্বে রাখা উচিত হবে না। তার ভাষ্য, দলের কৌশলে প্রয়োজনীয় সৃজনশীলতার অভাব ছিল।

২০১৪ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ম্যাটস হামেলসও বলেছেন, এই ব্যর্থতার জন্য দায়িত্বশীলদের জবাবদিহি করতে হবে। তার মতে, জার্মানির এমন ফল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

অন্যদিকে ক্রীড়া পরিচালক রুডি ফয়লার নাগেলসম্যানকে “শীর্ষমানের কোচ” ও “লড়াকু” হিসেবে উল্লেখ করলেও, তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেননি।

তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করি, দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি হতে পারেন। তবে সিদ্ধান্ত শুধু আমার একার নয়।”

এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা সাবেক লিভারপুল ও বরুসিয়া ডর্টমুন্ড কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি নিয়ে এখন কথা বলার সময় নয়।

তিনি বলেন, “বড় কোনো স্বপ্ন ভেঙে গেলে পরিস্থিতি কেমন হয়, একজন কোচ হিসেবে আমি তা জানি। তাই এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা উপযুক্ত হবে না।”

Link copied!