নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে?

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০১:০৬ পিএম

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা কার্যকর কবে?

ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে, আর ভাতা কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। একই সঙ্গে বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কমানো হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি শুরুতে তিন ধাপে নতুন বেতনকাঠামো কার্যকরের সুপারিশ করেছিল। প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে কমিশনের সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে ভাতা কার্যকরের কথা ছিল।

তবে এই পদ্ধতিতে পে-স্কেল কার্যকর করতে গেলে নানা জটিলতা তৈরি হচ্ছে। অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন কাঠামোর ৫০ শতাংশ কার্যকর করলেও প্রকৃত বেতন খুব সামান্য বাড়বে। এমনকি কারও কারও ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। এ নিয়ে সরকারি কর্মচারীদের আপত্তির পর বাস্তবায়ন কমিটি পরিকল্পনায় পরিবর্তন আনে।

নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা কার্যকরের সুপারিশ করা হচ্ছে।

একটি সূত্র জানায়, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে নতুন বেতন কাঠামো একবারেই বাস্তবায়ন করা হতো। তবে দুই ধাপে বাস্তবায়ন হলেও তা তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের রাজস্ব সংগ্রহে আরও মনোযোগী হওয়ার বিষয়েও আলোচনা রয়েছে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। সূত্র জানায়, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

Link copied!