নকআউটে ব্রাজিলের সামনে জাপান চ্যালেঞ্জ

জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৬:৫৭ পিএম

জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র টেলিভিশন সাক্ষাৎকারে দাদির ভিডিও বার্তা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।

ব্রাজিলের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দোমিঙ্গাও কম হাক এ অংশ নেন রিয়াল মাদ্রিদের এই তারকা। সাক্ষাৎকার চলাকালে হঠাৎ পর্দায় ভেসে ওঠে তার দাদি নিলজার ভিডিও বার্তা। প্রিয় দাদির কণ্ঠ শুনেই আবেগে ভেঙে পড়েন ভিনিসিয়ুস।

চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, “১৬ বছর বয়স পর্যন্ত আমি দাদির কাছেই বড় হয়েছি। তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। তাঁর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য।”

স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, পরিবারের স্মৃতি মনে করে সাক্ষাৎকারে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। পত্রিকাটি উল্লেখ করেছে, বর্ণবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া ভিনিসিয়ুস এখন ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের অন্যতম ভরসাও।

অন্যদিকে মার্কা এই ঘটনাকে ব্রাজিলের নকআউট পর্বের প্রস্তুতির সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, পরিবারের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হলেও বিশ্বকাপ নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন ভিনিসিয়ুস।

তিনি বলেন, “ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষাটা অনেক দীর্ঘ হয়ে গেছে।”

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে ভিনিসিয়ুসের কান্নার ভিডিও প্রকাশ করে ঘটনাটিকে পারিবারিক বন্ধনের এক অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করেছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আজ টেক্সাসের হিউস্টনে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুসের দিকেই থাকবে সমর্থকদের বাড়তি নজর।

Link copied!