জুন ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে। আগামী ৩ জুলাই ঢাকা থেকে রওনা হয়ে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে দলটি।
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং জামায়াত নেতা ডা. এসএম খালিদুজ্জামান।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে প্রতিনিধিদলটি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।
আরও বলা হয়, ইরান সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদল দেশটির শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রতিনিধিদলের সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ইরান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।