এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০২:৩৫ পিএম

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ (মঙ্গলবার) ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

‍‍`ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।‍‍`

এই আদেশ ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে

এছাড়া পৃথক এক গণবিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের জন্য কয়েকটি নির্দেশনাও দিয়েছে ডিএমপি।

তাতে বলা হয়, ২ জুলাই সকাল ১০টায় ঢাকা মহানগরের ৩০৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে গেলে পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি কম যানজটপূর্ণ স্থানে নামতে এবং পরীক্ষা শেষে একইভাবে সেখান থেকে গাড়িতে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানায়, কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিভাবকদেরও কেন্দ্রের আশপাশে ভিড় না করার অনুরোধ জানিয়ে পুলিশ বলেছে, এতে যান চলাচলে বিঘ্ন ঘটলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড করা হতে পারে।

এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।

নির্ধারিত সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি এবং পরবর্তী আড়াই ঘণ্টা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!