দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৩:২৮ পিএম

দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পিএমও

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।

তিনি বলেন ‘আমার কাছে একটি পরিসংখ্যান আছে। এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে, মোটামুটিভাবে সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় ৪০ লাখ মানুষ। বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ। স্বাভাবিকভাবে সরকারের সীমাবদ্ধতা আছে।’

আজ (রবিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৮তম কার্যদিবসে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মানুষকে বোঝাবো যে, কি কি কাজ থেকে বিরত থাকলে, খাবার-দাবার লাইফ স্টাইল ফলো করলে অসুখ থেকে অসুস্থ থেকে বিরত থাকা যাবে, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়।’য়।’

স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সেজন্যই আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি। সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে এক লাখ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে। কারণ মা-বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার-দাবার, হাইজিন সবকিছু কমবেশি খেয়াল রাখেন।’

তিনি আরও বলেন, ‘কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে। কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে। কোন জিনিসটি খেলে না খেলে প্রেসার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে। এই হেলথকেয়ারগুলো সেখানেই কাজ করবে।’

সবশেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ধীরে ধীরে জনগণ এটির সুফল পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস এনশিওর করতে পারব।’

Link copied!