জুন ২৯, ২০২৬, ০২:০০ পিএম
ছবি: রয়টার্স
২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই নকআউট লড়াই। গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে ওঠা সেলেসাওদের সামনে এবার এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের চ্যালেঞ্জ।
নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই—এমন বাস্তবতায় সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
গোলপোস্টে থাকবেন নিয়মিত প্রথম পছন্দ অ্যালিসন বেকার। পুরো গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করা এই লিভারপুল গোলরক্ষক দারুণ ফর্মে আছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলের ভরসা হয়ে উঠেছেন।
রক্ষণভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সেন্টার-ব্যাক জুটি হিসেবে থাকবেন অধিনায়ক মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েস। দুই ফুলব্যাকে দেখা যেতে পারে দানিলো ও ডগলাস সান্তোসকে।
মাঝমাঠে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ঠেকাতে দায়িত্ব থাকবে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেসের ওপর। তাদের সঙ্গে আক্রমণে বাড়তি সৃজনশীলতা আনতে লুকাস পাকেতাকে দেখা যেতে পারে শুরুর একাদশে।
রাফিনহা ইনজুরিতে থাকায় একাদশে আবারও জায়গা পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। আগের ম্যাচে নেমে দারুণ ছাপ রাখা এই তরুণকে উইংয়ে ব্যবহার করতে পারেন আনচেলত্তি। আক্রমণের মূল ভরসা থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। তার সঙ্গে স্ট্রাইকিং জুটিতে থাকতে পারেন তিন গোল করা ম্যাথেউস কুনিয়া।
তবে সমর্থকদের নজর থাকবে নেইমার জুনিয়রের দিকেও। দীর্ঘদিন ইনজুরির পর আগের ম্যাচে শেষ ২০ মিনিট খেলেছিলেন তিনি। এবারও শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে তাকে গত ম্যাচের তুলনায় বেশি সময় ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বদলি হিসেবে সুযোগ পেতে পারেন তরুণ এন্দ্রিকও। অতীত পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও দুই দলের সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছিল জাপান। তাই নকআউটের এই ম্যাচে কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপানের সম্ভাব্য একাদশ:
জিওন সুজুকি, সুইয়োশি ওয়াতানাবে, হিরোকি ইতো, কো ইতাকুরা, রিতসু দোয়ান, আইউমু সেকো, আও তানাকা, কেইতো নাকামুরা, দাইজেন মায়েদা, আইয়াসে উয়েদা ও দাইচি কামাদা।